মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ -- : -- --

এক কেজি গরুর মাংস ১০ টাকা: বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

2072

মাত্র ১০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে নিম্নআয়ের মানুষের মাঝে।

 

মাত্র ১০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রির এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং উপকারভোগীদের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি।

ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই আয়োজন করে। শনিবার সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে নামমাত্র মূল্যে গরুর মাংস বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র মানুষ সম্মানের সঙ্গে নিজেদের সামর্থ্যের মধ্যেই মাংস সংগ্রহ করতে পারছে।

মাংস কিনতে আসা আয়শা বেগম ও সামিয়া বেগম তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, বর্তমানে ১০ টাকার মূল্য অনেকটাই কমে গেলেও এই সামান্য টাকায় এক কেজি গরুর মাংস পাওয়া তাদের জন্য বড় পাওয়া। এমন উদ্যোগে তারা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষকে সাহায্য করার পাশাপাশি তাদের সম্মান অক্ষুণ্ণ রাখা। যাতে তারা মনে না করে যে তারা দান গ্রহণ করছে, বরং নিজের টাকায় প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে এই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

Link copied!