প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম
2031
বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --
খলিলুর রহমান ও এস জয়শঙ্কর
ভারতের রাজধানী দিল্লিতে আজ (৮ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকটি অনুষ্ঠিত হবে দিল্লির হায়দ্রাবাদ হাউসে।
ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচ্যসূচিতে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম চালু করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যর্পণ প্রসঙ্গ।
এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং সংশ্লিষ্ট সংকট নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকের পর একই দিনে বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে দিল্লিতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একই ফ্লাইটে মরিশাস যাওয়ার কথা রয়েছে। এই যাত্রাপথে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।