সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

রাজনীতি: ‌‘কুড়মালি’ ভাষা টিকিয়ে রাখতে উজ্জ্বল মাহাতোর উদ্যোগ

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

2008

রাজনীতি: ‌‘কুড়মালি’ ভাষা টিকিয়ে রাখতে উজ্জ্বল মাহাতোর উদ্যোগ

দৈনিক অদম্য বার্তা ডেস্ক: ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘মাহাতো’ পরিবারে উজ্জ্বলের জন্ম। পুরো নাম উজ্জ্বল কুমার মাহাতো। পেশায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের স্পেয়ার মেকানিক। চাকরি করেই উজ্জ্বল মাহাতো দিব্যি জীবন কাটিয়ে দিতে পারতেন। তবে শেকড় থেকে দূরে যেতে পারেননি। মায়ের মুখে শোনা মাহাতো জনগোষ্ঠীর ভাষা ‘কুড়মালি’ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তবে অন্য দশটা ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভাষার মতো কুড়মালিও হারিয়ে যেতে বসেছে। তাই নিজের ভাষাকে টিকিয়ে রাখতে চাকরির পাশাপাশি কুড়মালি ভাষায় গান, উপন্যাস আর অনুবাদ রচনা করে যাচ্ছেন।

ঘটনাবলির বিস্তারিত বিবরণ

উজ্জ্বলের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘড়িয়া গ্রামে। তিনি দুই ভাই আর চার বোনের মধ্যে সবার বড়। স্ত্রী পার্বতী রানি মাহাতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর পাস করেছেন। উজ্জ্বল জানালেন, বাবাকে দেখেই মূলত তিনি নিজেদের ভাষা-সংস্কৃতি রক্ষায় কাজ করার জন্য আগ্রহী হন। সেই ভাবনা থেকে ২০১৩ সালে কুড়মালি ভাষায় তিনি ‘কারাম’ নামে একটি উপন্যাস রচনা করেন। উপন্যাসটি মাহাতো সম্প্রদায়ে ব্যাপক সাড়া ফেলে।

কুড়মালি ভাষায় উজ্জ্বল গানও লিখেছেন। ২০১৪ সালে উজ্জ্বল মাহাতোর কথা এবং সুরে কুড়মালি ভাষায় ১২টি গান নিয়ে ‘এগঅবার’ নামে একটি অ্যালবাম বের হয়। ওই অ্যালবামের সব কয়টি গান গেয়েছেন দেবাশীষ মাহাতো। ২০২০ সালের অমর একুশে বইমেলায় তার গবেষণাগ্রন্থ ‘কঁআথুয়েন মাহাতো ডিকশনারি’ প্রকাশিত হয়। বইটি কুড়মালি, বাংলা ও ইংরেজিতে বাজারে আসে।

বইটি মূলত কুড়মালি ভাষার একটি শব্দকোষ। এই ভাষার বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত শব্দ, বাক্য, ছড়া, গীত, জন্ম, মৃত্যু এবং বিয়ের রীতিনীতিসহ নানা বিষয় সংকলন করা হয়েছে। এ ছাড়া বইটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতীয় সংগীত কুড়মালি ভাষায় অনুবাদ করা হয়েছে।

২০২১ সালের বইমেলায় গবেষক খ ম রেজাউল করিম, সুধাংশু শেখর মাহাতো এবং উজ্জ্বল মাহাতোর প্রচেষ্টায় প্রকাশিত হয় ‘মাহাতো জনগোষ্ঠী: সমাজ-সংস্কৃতি’ নামে একটি গবেষণাগ্রন্থ। বইটিতে বাংলাদেশের ১৮টি জেলার ৩২টি উপজেলার মাহাতোদের জীবনযাপন, অবস্থান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মাহাতোদের ভূমিকা, শিক্ষা, সমাজ-সংস্কৃতি ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে।

চলতি বছর উজ্জ্বল মাহাতো শিশুদের জন্য একটি বই লিখেছেন। উজ্জ্বল মাহাতো সবিস্তারে উল্লেখ করেন, ‘শিশুদের কুড়মালি ভাষা শিক্ষার জন্য বইটি প্রকাশ করা হয়েছে। বইয়ে কুড়মালি ভাষার বর্ণমালার সঙ্গে আমাদের ইতিহাস-সংস্কৃতির বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। ছবির মাধ্যমে শিশুরা খুব সহজেই এসব বিষয়ে জানতে পারবে।’

স্থানীয় তরুণদের সংগঠন মাহাতো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ অবদান আছে। এ সংগঠনের মাধ্যমে মাহাতো সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। তাছাড়া শত ব্যস্ততা থাকলেও তিনি কুড়মালি ভাষায় সাহিত্যচর্চা চালিয়ে নিতে চান। আর মাহাতো সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরতে চান বিশ্বমঞ্চে।

‌‘কুড়মালি’ ভাষা টিকিয়ে রাখতে উজ্জ্বল মাহাতোর উদ্যোগ

প্রেম যমুনার ঘাটে সে আসবেই

বাঙালির সাহিত্য চেতনায় চিরন্তন রবীন্দ্রনাথ

মামুন রশীদের কাব্যভুবন: আত্মিক বিস্তৃতির ক্যানভাস- পর্ব ১

মামুন রশীদের কাব্যভুবন: আত্মিক বিস্তৃতির ক্যানভাস- শেষ পর্ব

Link copied!